শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে: প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগের মামলার বিচার কার্যক্রম আজ, রোববার (১ জুন) থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আজ শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এই প্রতিবেদন দাখিল করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন দাখিল করেছে, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশসহ পাঁচটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তাজুল ইসলাম উল্লেখ করেছেন যে, গত দুই-তিন সপ্তাহ ধরে প্রসিকিউশন তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদনটি যাচাই-বাছাই ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে এবং আজ, রোববার, আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (ফরমাল চার্জ) হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করবে।
তাজুল ইসলাম আরও জানান, গত বছরের ১৪ আগস্ট একটি অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছিল। দীর্ঘ ছয় মাস ২৮ দিন তদন্ত করে তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের সত্যতা খুঁজে পায়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালানোর অভিযোগ রয়েছে, যেখানে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।