নিজস্ব প্রতিবেদক;
লক্ষ্মীপুরের রামগতিতে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
জানা গেছে, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ৩১ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করেছে কমলনগর উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি উচ্চ বিদ্যালয়ে।
অন্যদিকে রামগতি বাণী ভবাণী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের যেতে হবে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে।
ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও দীর্ঘ দূরত্বের কারণে এ সিদ্ধান্তে শিক্ষার্থী–অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা জানান, আলেকজান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ১৫ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর রামগতি বাণী ভবাণী কামেশ্বরী বিদ্যালয় থেকে আলেকজান্ডার বিদ্যালয়ের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। তাছাড়া সড়কের বেহাল অবস্থা ও গণপরিবহন সংকট শিক্ষার্থীদের বড় ধরনের ভোগান্তিতে ফেলবে বলে দাবি তাদের।

অভিভাবকরা বলেন, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত চাপ বাড়াবে। তাই তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
অবরোধের কারণে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।