আবহাওয়ার সতর্ক বার্তা: উপকূলজুড়ে ঝড়ো হাওয়া ও নদীবন্দরে সতর্ক সংকেত
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
🗓️ প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
বাগেরহাটের মোল্লাহাটসহ সমগ্র উপকূলীয় অঞ্চলে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এরমধ্যেই নতুন করে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে সতর্ক বার্তা।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে বঙ্গোপসাগর ও তার আশেপাশের অঞ্চলজুড়ে সৃষ্টি হতে পারে দমকা/ঝড়ো হাওয়ার।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া সমুদ্র উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাস:
ঢাকা আবহাওয়া অফিস ৮ জুলাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস দিয়ে জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাথে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কতা মেনে চলুন, নিরাপদ থাকুন:
উপকূলবাসীকে আগাম সতর্কতা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মৎস্যজীবী ও নদীপথে চলাচলকারী পরিবহনগুলোকে আবহাওয়ার নিয়মিত আপডেট গ্রহণ করে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
নতুন আপডেট আসলে এই রিপোর্টে সংযুক্ত করা হবে। প্রকৃতি যখন ক্রুদ্ধ, তখন সচেতনতাই একমাত্র নিরাপত্তা।l
📰 আপনার বিশ্বস্ত সংবাদের ঠিকানা: www.daynik36july.com