লালমাইয়ে ১৬ একর জমিতে জলাবদ্ধতা: ইউএনওর পরিদর্শন, সমস্যা সমাধানে আশ্বাস
মনিরুল ইসলাম, লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আল মোকাররম মাদ্রাসা সংলগ্ন এলাকার প্রায় ১৬ একর আবাদি জমি প্রতি বর্ষায় জলাবদ্ধতার শিকার হয়ে পড়ে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিবছর কৃষকরা ব্যাপক ফসলহানির মুখে পড়েন।
জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর পক্ষে স্থানীয় সমাজকর্মী দ্বীন মুহাম্মদ সুজন সম্প্রতি একটি লিখিত আবেদন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর। সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার (৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমাইয়ের ইউএনও হিমাদ্রী খীসা।
পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। তাঁরা স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং জমিতে জমে থাকা পানির ভয়াবহতা ও এর প্রভাব সরেজমিনে দেখেন।
ইউএনও হিমাদ্রী খীসা এ সময় এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, কৃষকদের দুঃখ-কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সরকারি উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার কৃষকরা জানান, প্রতি বছর বর্ষাকালে তাদের ধান ও অন্যান্য ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যায়। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এবার ইউএনও স্বচক্ষে দেখে গেছেন বলেই তারা আশান্বিত।
www.daynik36july.com