ওসমান গনি
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃদৈনিক ৩৬জুলাই
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। সেবার মান বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণের আস্থা আরও বেড়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে এখন রোগীদের জন্য রয়েছে বিনামূল্যে ওষুধ সরবরাহ ব্যবস্থা। মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য কর্মসূচির আওতায় নিয়মিত টিকাদান, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি বিষয়ক পরামর্শসহ বহির্বিভাগ, জরুরি বিভাগ ও ইনডোর সার্ভিস—সবখানেই নিরবিচারে সেবা প্রদান করা হচ্ছে।
সেবা নিতে আসা একাধিক রোগী ও তাদের স্বজনরা জানান, “আগের তুলনায় এখন ভালো চিকিৎসা পাচ্ছি। ডাক্তাররা মনোযোগ দিয়ে কথা শোনেন, প্রয়োজনীয় ওষুধও পাচ্ছি। আমরা খুবই সন্তুষ্ট।”
স্বাস্থ্যসেবিকারা জানান, “জনবল কম থাকলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আগের তুলনায় এখন রোগীর সংখ্যা অনেক বেড়েছে, তারপরও নিরবিচারে সেবা দিয়ে যাচ্ছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার বলেন, “রোগীদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আউটডোর, ইনডোর এবং ইমারজেন্সি বিভাগে নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বিগত মাসগুলোর তুলনায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা সেবা সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ল্যাব, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা চালু আছে। সাপে ও কুকুরে কামড়ানো রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। সেবার মান ধরে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “জনবল স্বল্পতা থাকলেও আধুনিক যন্ত্রপাতি চালু রাখার মাধ্যমে স্থানীয় জনগণ এখন উন্নততর স্বাস্থ্যসেবা পাচ্ছেন।”