জি এম সেলিম ইমরান সাহস
কেশবপুর প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
যশোরের মনিরামপুরে শিয়ালের কামড়ে সাগর হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে পৌরসভার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে।
পরিবার জানায়, প্রায় তিন মাস আগে সাগরকে শিয়াল হাচড়ে দেয়। তবে এ ঘটনা কাউকে জানায়নি সে। কোনো ধরনের চিকিৎসাও নেওয়া হয়নি। গত সোমবার সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে সাগর নিজেই পরিবারের কাছে শিয়ালের হাচড়ানোর বিষয়টি প্রকাশ করে।
পরিবার দ্রুত তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফেরত দেওয়ার পর মঙ্গলবার বিকেলে খুলনা হাসপাতালে নেওয়া হয়। খুলনাতেও চিকিৎসকরা ফিরিয়ে দিলে বাড়ি আনা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩৮ মিনিটে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
সাগরের বাবা গফফার হোসেন বলেন, “আমরা জানতামই না যে শিয়াল কামড়েছিলো। জানলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতাম। ছেলেকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেলাম।”
শিয়াল, কুকুর, বিড়াল বা বন্য প্রাণীর কামড় বা হাচড়ের ঘটনা ছোট মনে হলেও এটি মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এসব ক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই দ্রুত চিকিৎসা নিতে হবে।
প্রাণীর কামড় বা হাচড়ের পরপরই সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুতে হবে।
কোনো ধরনের কেটে যাওয়া বা রক্ত পড়া থাকলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে গিয়ে র্যাবিস ভ্যাকসিন (টিকা) নিতে হবে।
চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যার কোনো চিকিৎসা নেই।
তাই এ ধরনের ঘটনায় দেরি না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা অত্যন্ত জরুরি।