রফিকুল ইসলাম (দৈনিক ৩৬ জুলাই, সুনামগঞ্জ প্রতিনিধি)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে খাসিয়ামারা নদীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বুধবার বিকালে লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ বাংলাবাজার মাদ্রাসাসহ নদীর তীরবর্তী আশপাশ এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা জারি এবং রাবারড্যামের দুইপাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ইজারাদারকে নিষেধ করা হয়েছে আগামী একসপ্তাহের ভিতরে যেনো ড্রেজার মেশিগুলো সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, খাসিয়ামারা নদীতে ইজারাদারকর্তৃক নীতিমালা বহির্ভূতভাবে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই। এলাকার স্থাপনা, চলাচলের সড়ক ও ফসলি জমি হতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে।
বালু উত্তোলনের কারণে রাবারড্যামের ক্ষতির বিষয়টে সম্পর্কে তিনি বলেন, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের ফলে রাবারড্যামের ক্ষতির বিষয়টি তদন্ত করার জন্য এলজিইডিকে বলা হয়েছে। ক্ষতি হয়ে থাকলে ইজারাদার রাবারড্যামের ক্ষতিপূরণ দিতে হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।