কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ভোর ছয় ঘটিকায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে কিশোরগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর কলেজ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করা হয়। এসব আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নাজমুল সাদিক, অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক প্রফেসর কাজী করিমুল্লাহ, প্রফেসর মাসউদুল হাসান, প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আবুল খায়ের, প্রফেসর মোঃ জসিম উদ্দিনসহ কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্ব পালন করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক আল-আমিন। এছাড়াও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে মহান বিজয় দিবসকে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন।
বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।