ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত গ্রেফতার ২ জনের কাছ থেকে তথ্য নিয়ে কাজ করছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম এন্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।
ডিএমপির এ কর্মকর্তা জানান, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে তথ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করে দেয়া হয়েছে। এখনও পর্যন্ত কেউ দেশ ত্যাগ করেছে এমন কোনো তথ্য আমরা পাইনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয় নগর ক্রসিং পার হওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রসীরা একটি মোটরসাইকেলে করে তার মাথায় হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এরইমধ্যে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির চালককে গ্রেফতার করা হয়েছে।