রাজবাড়ী জেলা প্রতিনিধি;
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম। সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে বাবা মোমিন পাটোয়ারীর জানাজায় তিনি অংশ নেন।
রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, রোববার রাতে তাজুল ইসলামের বাবা মারা যান। পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি অনুযায়ী পুলিশ পাহারায় তাকে বিকালে জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে আবার তাকে জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লাকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।