কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরপুমদী গ্রামের মির্জা বাড়ির এক পরিবার দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির ভয়ভীতি, মানসিক হয়রানি ও নানামুখী চাপের মুখে মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ২০১৫ সালের অক্টোবর মাসে স্থানীয় অতিরিক্ত মেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা (নম্বর–১৪২৬/২৫, তারিখ–৫/১০/২০১৫) দায়ের করা হলেও অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষের হুমকি ও নির্যাতন বন্ধ হয়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তাদের প্রতি নিয়মিতভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
নিরাপত্তাহীনতার এমন পরিস্থিতিতে মির্জা মোজাম্মেল হোসেনের ছেলে মির্জা সাদিক আহমেদ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি অভিযোগ করেন,
আ. কাদেরের ছেলে কামরুজ্জামান (রতন),
আবু হোসেনের ছেলে জালাল মিয়া,
এবং ওয়াহেদুজ্জামান মানিক
সমন্বয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত প্রশাসনের দৃঢ় পদক্ষেপ না নিলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী পরিবার তাদের জানমাল রক্ষায় জরুরি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে।