হাসমত আলী
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই
০২-১০-২৫
কোনো সংখ্যাগুরু বুঝি না, কোনো সংখ্যালঘু বুঝি না আপনারা সবাই আমার ভাই, আমরা সবাই ভাই ভাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। চুয়াডাঙ্গার জীবননগরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন বিজিএমই ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে তিনি পৌর এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশের মানুষ। রাজনৈতিক স্বার্থে কখনো ধর্মকে ব্যবহার করতে চাই না। ধর্ম সবার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু রাষ্ট্র সবার অভিন্ন অধিকার।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান কবির, বিএনপি নেতা তাজুল ইসলাম, শাহজাহান আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আ. হামিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া পূজামণ্ডপ কমিটির সদস্য এবং সনাতন ধর্মাবলম্বী অসংখ্য মানুষও এ সময় নেতৃবৃন্দকে স্বাগত জানান।