সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি, ঢাকা:
রাতের শীতলতায় যখন শহর নিস্তব্ধ হয়ে আসে, ঠিক তখনই মানবতার উষ্ণ স্পর্শ নিয়ে এগিয়ে এলো মানবতার স্পর্শ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে গত রোববার ২৮ ডিসেম্বর, দিবারাত্রির পর মুহূর্তে সরকারি বাঙলা কলেজ টিমের ব্যতিক্রমী এক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাত ১১টায় সরকারি বাঙলা কলেজ গেইট থেকে যাত্রা শুরু করে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। তারা বাঙলা কলেজ সংলগ্ন এলাকা থেকে মিরপুর ১ পর্যন্ত রাস্তায় ফুটপাথ ও অবারিত স্থানে ঘুমন্ত অসহায়, গৃহহীন ও প্রান্তিক মানুষের মাঝে শীতের উপহার বিতরণ করেন। শীতের কামড় থেকে রক্ষায় প্রতি প্যাকেটে ছিল একখানা চাদর, একজোড়া টুপি ও একজোড়া মোজা।
এ কার্যক্রমে সরাসরি অংশ নেন মানবতার স্পর্শ ফাউন্ডেশন, সরকারি বাঙলা কলেজ টিমের ক্যাম্পাস এম্বাসেডর নাজমুল ইসলাম ছাকিব, সাবেক কোষাধ্যক্ষ গোলাম রাব্বি এবং সদস্য জাহিদ ও ওসমান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বহু সুবিধাবঞ্চিত মানুষ এই শীতার্ত রাতে উষ্ণতা লাভ করেন।
শীতবস্ত্র বিতরণ শেষে ক্যাম্পাস এম্বাসেডর নাজমুল ইসলাম ছাকিব বলেন, “মানবতার স্পর্শ ফাউন্ডেশন সবসময়ই মানবিক কাজে অংশ নেয়। সেই অংশ হিসেবেই আজকের কার্যক্রম। মানবিক কাজের মধ্যে যে মানসিক শান্তি পাওয়া যায়, তা আর কোনো কাজের মধ্যে নেই। আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশনের এই উদ্যোগ রাতের অন্ধকারে উঁকি দিয়েছে আলোকিত মানবতার বার্তা। তারা শুধু শীতবস্ত্রই বিতরণ করেনি, পাশাপাশি সমাজের নিম্নআয়ের মানুষের প্রতি সেবা ও মমতার বাণী ছড়িয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার অঙ্গীকারেরই প্রতিফলন ঘটেছে।