বাঙলা কলেজ প্রতিনিধি;
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কাঠামোতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করবে এবং রাজধানীর সাতটি সরকারি কলেজ এর সাথে সংযুক্ত থাকবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভাড়া করা ভবনে পরিচালিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনসহ মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে নতুন কাঠামোতে একমত হওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুসারে, বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভাড়া ভবন থেকে। খসড়া অধ্যাদেশে বলা হয়েছে, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যার নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সেটি তৈরি না হওয়া পর্যন্ত ভাড়া ভবনে কার্যক্রম চালানো হবে।
এই অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা মহানগরীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে যুক্ত থাকবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, সম্পত্তি ও অবকাঠামো অক্ষত থাকবে।
বিশ্ববিদ্যালয়টি একটি কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে পরিচালিত হবে, যেখানে উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থাকবেন। পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি প্রদানের মতো একাডেমিক কার্যাবলি বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হবে। সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত বেতন ও ফি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত কার্যক্রম পৃথক বিধিমালার মাধ্যমে পরিচালিত হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। পরে এগুলোকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে এই প্রক্রিয়ায় মতবিরোধের কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়নি।
বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এক বছর ধরে ক্লাস না পেয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে আগামী ১ জানুয়ারি থেকে সাত কলেজের প্রথম বর্ষের ক্লাস শুরু হতে পারে।