বরগুনা প্রতিনিধি:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে বরগুনায় সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। জেলা প্রশাসক তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মাসুদ এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাত কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, উন্নত জাতের পশুপাখি এবং সুষ্ঠু খামার ব্যবস্থাপনা সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ কৃষকদের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরগুনার কৃষক ও খামারিরা যাতে সর্বাধুনিক সেবা, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা পান-এই প্রদর্শনী সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এবারের প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, ডেয়ারি পণ্য, আধুনিক খামার সরঞ্জাম, পশুখাদ্য, ভেটেরিনারি চিকিৎসা সেবা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নিচ্ছে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেশন, প্রাণিসম্পদ রোগ প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজনও করা হয়েছে।
সপ্তাহজুড়ে কর্মসূচির অংশ হিসেবে পশুর টিকাদান ক্যাম্প, বিনামূল্যে পশু চিকিৎসা, কৃষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা এবং উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ মেলা ও সচেতনতামূলক কর্মসূচি বরগুনার খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।