কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
সাংবাদিক নির্যাতন বন্ধ, গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশায় মানোন্নয়নমূলক নীতিমালা প্রণয়নের দাবিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ কল্যাণ পরিষদের দাবি ও আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া সিটি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, দেশে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকতা পেশায় এখনও নীতিমালার ঘাটতি প্রকট। অনেক ক্ষেত্রে সাংবাদিক বা প্রকাশকের মান নির্ধারণের নিয়ম না থাকায় অযোগ্য ব্যক্তি পেশায় প্রবেশ করছে, যা পুরো গণমাধ্যম ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা আরও বলেন, গণমাধ্যম মালিকানা, সম্পাদক বা প্রকাশক হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ জরুরি। কারণ ২০১০ সালের পর থেকে দেশের অনেক মিডিয়া মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে, যা পেশাগত শৃঙ্খলা ব্যাহত করছে। অন্যদিকে স্বাধীন সাংবাদিক ও সংবাদদাতাদের পরিচয়পত্র ইস্যুর ক্ষেত্রে আর্থিক সামর্থ্যই যেন একমাত্র যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে—এ প্রবণতা গণমাধ্যমকে সংকটে ফেলছে। তাই দ্রুত নতুন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহ মো. সারওয়ার জাহান।
এ ছাড়াও বক্তব্য রাখেন—
কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
দৈনিক রুদ্র বার্তার সম্পাদক শাহ আলম তালুকদার,
সাংবাদিক নুরুজ্জামান কাউসার,
কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও নিউজ টাইমস্ টিভির প্রতিনিধি ফরহাদ হোসেন রাজ,
অধিকারকর্মী তাসলিমা আকতার প্রমুখ।
সভার শেষে সাংবাদিক সমাজের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে সকল সংগঠনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।