বাঙলা কলেজ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজকে আলাদা করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)’ নামে নতুন একটি স্বতন্ত্র সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—এর সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সময়মতো পরীক্ষা নেওয়া, দ্রুত ফল প্রকাশ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি—এসব লক্ষ্য সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদান পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রস্তুত করা অপারেশন ম্যানুয়েলও অনুমোদন করা হয়েছে। এর ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ২৩ নভেম্বর থেকে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়। গত ২৪ সেপ্টেম্বর খসড়াটি বিভাগের ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি মতামত সংগ্রহ করা হয়েছে। এসব মতামত আইনগত আলোকে পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত হওয়া এবং পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলেও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে মন্ত্রণালয় সচেতন। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, উচ্চশিক্ষার মানোন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি গুজব বা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।