ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমবায় অফিস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নূর আলম রাজ এবং সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা হারুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জাম সরদার, উপজেলা জনপ্রশাসন কর্মকর্তা মিলন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় এবং দুটি সমবায় সমিতিকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার মঙ্গল খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি তাদের একটি খাল প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম তুলে ধরে। অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় একটি আদিবাসী নৃত্যদল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে, যার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।