মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
, ১৫ অক্টোবর ২০২৫:
শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৭ দফা দাবিনামা পেশ করেছে “কিশোরগঞ্জ শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা”।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি মোঃ মসুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।
দাবিনামায় বলা হয়, শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা রাষ্ট্রের সমান নাগরিক হয়েও দীর্ঘদিন অবহেলিত। তাদের পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
প্রতিবন্ধী অধিকার নিশ্চিতের লক্ষ্যে উত্থাপিত সাতটি দাবির মধ্যে রয়েছে— সরকারি জায়গায় নিজস্ব কার্যালয় স্থাপন, অসহায় বধির সদস্যদের আবাসন ও পুনর্বাসন ব্যবস্থা, আইনগত সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ ও জিআর কার্ড প্রদান, গণপরিবহনে হাফ ভাড়া, তফসিলভুক্ত ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের মহাসমাবেশে অংশগ্রহণে প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সরকারের সহায়তা ও যথাযথ মনোযোগ পেলে শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং দেশের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করতে পারবে।
জেলা প্রশাসক প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহ শুনে তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষকে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের প্রতি সচেতন ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে, তবেই অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।