হাসমত আলী
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই
২৯-০৯-২৫
চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের নাম মিলন হোসেন (৪০), তিনি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা ও বিল্লাল হোসেন মালিতার ছেলে।
কারা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর মারামারির একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে পাঠান। এরপর থেকে তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।
গতকাল রোববার ২৮ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতের পর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত শেষে সঠিক কারণ নিশ্চিত করা যাবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন বলেন, মিলনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এই আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।