হাসমত আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই ৩০-০৮-২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে ছাদ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে।
আলিফের চাচা কালাম হোসেন জানান, প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আলিফ। এক পর্যায়ে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখেন বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে ঝুলছে আলিফ। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।