মোঃ মাহফুজুর রহমান ফরহাদ
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামে অতিবৃষ্টি ও অনিয়ন্ত্রিত প্রকল্প বাস্তবায়নের ফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বর্ষার এই সময়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য স্কুলে যাওয়া আসা যেন একটি দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) একটি প্রকল্পের আওতায় ধনু নদীর একটি শাখা খনন করে এবং সেই খননের বালু-মাটি দিয়ে কাকটেংগুর গ্রামের বিভিন্ন স্থানে, এমনকি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ, স্কুল মাঠ ও গ্রামের পেছনের এলাকায় ভরাট করা হয়। প্রকল্পটি বাস্তবায়নের সময় কোনো স্থায়ী মাটি বাঁধ বা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় বর্তমানে ভারী বর্ষণের ফলে সেই বালু-মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও ভাঙন।
বিদ্যালয়ের সামনে সৃষ্টি হওয়া এসব গর্তের কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়া করছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের পাশেই অবস্থিত মসজিদেও মুসল্লিদের যেতে হচ্ছে চরম কষ্ট করে। গর্তে পানি জমে কাদায় পরিণত হওয়ায় চলাচলের পথ কার্যত অচল হয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “শুধু বিদ্যালয়ের সামনের অবস্থাই নয়, গ্রামের পেছনের অংশও ভেঙে পড়েছে। সঠিক পরিকল্পনা ছাড়া বালু দিয়ে ভরাট করায় এখন পুরো এলাকা ভোগান্তির কেন্দ্রে পরিণত হয়েছে।”
এ অবস্থায় স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইটনা উপজেলা প্রশাসন এবং এলংজুরী ইউনিয়নের জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চায়, বিদ্যালয়ের পাশে সুরক্ষা দেয়াল, গর্ত ভরাট ও সঠিক নিকাশব্যবস্থা গড়ে তুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।
www.daynik36july.com