কাশেম হাওলাদার, বরগুনা: প্রতিনিধি
লাল বড়ু সত্তরের কোঠায় বয়স। বহু আগেই স্বামী ও পিতাকে হারিয়ে নিঃসঙ্গ জীবনের পথে হেঁটেছেন তিনি। বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের দদিভাঙ্গা বড়ো তালেশ্বরে তার বাড়ি। হাঁটুর ব্যথায় ঠিকমতো চলাফেরা করতে পারেন না, চোখেও ভালো দেখেন না। বার্ধক্য ও অসুস্থতার ভারে নুয়ে পড়া জীবন পার করছেন একাকী।
তার একমাত্র ছেলে শ্বাসকষ্টে আক্রান্ত। ফলে মায়ের চিকিৎসা ব্যয় বহন করাও তার পক্ষে সম্ভব ছিল না। চরম দারিদ্র্যের কারণে চিকিৎসা ছিল কেবল কল্পনা অপূরণীয় এক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই একদিন হয়ে উঠলো বাস্তব।
“আর্ত-মানবতার সেবা বাংলাদেশ নৌবাহিনী” এই মহৎ স্লোগানকে সামনে রেখে খুলনা নৌ অঞ্চলের উদ্যোগে জুলাই মাসব্যাপী ‘পূর্ণ জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমী চিকিৎসা সেবা ক্যাম্প।
সকাল থেকেই শতাধিক স্থানীয় মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এই ক্যাম্পে সেবা নিতে আসেন লাল বড়ুও। চিকিৎসা পেয়ে তার চোখেমুখে ফুটে ওঠে কৃতজ্ঞতা ও প্রশান্তি।
“আমি তো কখনও ভাবিনি এই বয়সে এসে বিনা পয়সায় ডাক্তার দেখাতে পারবো, ওষুধও পাবো। মনে হচ্ছে, আল্লাহ আমাকে আরও কিছুদিন বাঁচতে দিচ্ছেন।”
সেবামূলক এই আয়োজনে উপস্থিত ছিলেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার স্বপ্নীল কুমার রায়, বিএন। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের মধ্যে তিনজন ছিলেন বানৌজা মোংলা থেকে আগত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বানৌজা উপশমের দুইজন নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টও ছিলেন সেবায় নিয়োজিত।
এর আগের দিন বামনা শহর এলাকায় মাইকিংয়ের মাধ্যমে এই মানবিক চিকিৎসা ক্যাম্পের খবর প্রচার করা হয়, যাতে করে অসহায় ও দরিদ্র মানুষজন এই সুযোগের কথা জানতে পারেন।
বাংলাদেশ নৌবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এটি শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ছবির ক্যাপশন: বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করছেন লাল বড়ু
www.daynik36july.com