নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখা।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় নরসিংদী জেলখানা মোড় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রহিম কাসেমী।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি মুফতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান, মুফতি মোস্তফা আল কাসেমী, মুফতি হাবিবুর রহমান, মুফতি সোলাইমান গাজী, ক্বারী ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের ষড়যন্ত্র চলছে। এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।” তাঁরা অবিলম্বে ঢাকায় কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “এই দেশে বিদেশি সংস্থার নামে কোনো গোপন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দেশের জনগণ তা কখনো মেনে নেবে না।”
সমাবেশে শতাধিক আলেম ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
www.daynik36july.com