মনিরুল ইসলাম
প্রতিনিধি, লালমাই উপজেলা, কুমিল্লা।
চৌদ্দগ্রাম উপজেলার পরিবেশ উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে বিজয়পুর বড় খাল ও কাঁকরি নদী পরিষ্কার অভিযান। বুধবার (০৯ জুলাই) সকালে সরেজমিনে অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জামাল হোসেন। নিজ হাতে অংশ নেন খাল পরিষ্কারের কার্যক্রমে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
পরিদর্শনের সময় ইউএনও কালিকাপুর ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন জলাবদ্ধ এলাকাও ঘুরে দেখেন। তিনি এলাকার মানুষজনের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শোনেন এবং পানি নিষ্কাশনের পথে যেসব স্থানে অবৈধ প্রতিবন্ধকতা বা দখল লক্ষ্য করা যায়, সেগুলো তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশনা দেন এবং কয়েকটি স্থানে ব্যবস্থাও নেন।
পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো: জাকির মাহমুদ, স্থানীয় ইউপি সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। সকলে মিলে একটি পরিষ্কার, জলাবদ্ধতামুক্ত ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেন।
এ সময় ইউএনও জামাল হোসেন বলেন:
“এই পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সরকারি কাজ নয়, এটি জনগণেরও দায়িত্ব। সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা জলাবদ্ধতা ও রোগবালাই থেকে মুক্ত হবে।”
www.daynik36july.com