কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি সাইকুল’, যার মালিক পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফা।
ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া জেলেদের তীরে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নিখোঁজদের সন্ধানে সমুদ্রে বিপর্যয় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, “জেলেরা মাছ ধরার জাল ফেলার পর ট্রলারে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে শুরু হওয়া ঝড়ে ট্রলারটি ডুবে যায়। জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়লে পাশের একটি ট্রলার ৯ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনো ৩ জন নিখোঁজ।”
স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের সহযোগিতায় সাগরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
www.daynik36july.com