নরসিংদীতে চাঁদাবাজি ও হামলার মামলায় গ্রেফতার যুবদল নেতা মনির বহিষ্কার
🖊️ নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির চাঁদাবাজি ও হামলার মামলায় গ্রেফতার হওয়ার পর দল থেকে বহিষ্কার হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করেন।
জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—
“দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার যৌথভাবে কার্যকর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কারখানার ড্রেজারে চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়।
ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর একটি যৌথ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর দায়ের করা মামলায় মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের হয়।
শনিবার (৫ জুলাই) রাতে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
সূত্র: নরসিংদী জেলা যুবদলের প্রেস বিজ্ঞপ্তি
www.daynik36july.com