হিমাগার ভাড়া বাড়ায় মহাসড়কে আলু ঢেলে কৃষকদের সড়ক অবরোধ
আসাদুজ্জামান, কুড়িগ্রাম | ০৮ জুলাই ২০২৫
উৎপাদন ব্যয় বৃদ্ধি ও হিমাগার ভাড়ার অযৌক্তিক বাড়তি চাপ—এই দুই সংকটে পড়ে প্রতিবাদে রাস্তায় নেমেছেন কুড়িগ্রামের আলু চাষীরা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ করেন শত শত কৃষক ও ব্যবসায়ী। প্রায় ৩ ঘণ্টা ধরে বন্ধ থাকে যান চলাচল।
আলু চাষীদের অভিযোগ, প্রতি কেজি আলু উৎপাদনে তাদের খরচ পড়ছে প্রায় ২২ টাকা। এর সঙ্গে যোগ হয়েছে হিমাগারের অতিরিক্ত ভাড়া—গত বছর যেখানে প্রতি কেজিতে ভাড়া ছিল ৫ টাকা, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। ফলে হিমাগারসহ মোট খরচ দাঁড়িয়েছে প্রতি কেজিতে ২৯ টাকা। অথচ বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
অবরোধে অংশ নেওয়া চাষি মোঃ মামুন উর রশিদ বলেন,
“আমরা ক্ষুদ্র চাষী। আগের মতো ৫ টাকায় হিমাগার ভাড়া চাই। না হলে টিকতে পারবো না।”
আলু চাষী ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী একযোগে বলেন,
“এই দাবী শুধু কৃষকের নয়, ব্যবসায়ীদেরও। ভাড়া কমলে লোকসানের কিছুটা হলেও প্রতিকার হবে।”
অন্যদিকে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন-এর পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বলেন,
“আমরা কুড়িগ্রামের কৃষকদের অতিরিক্ত কমিশন ও সুযোগ-সুবিধা দিই। সে জন্য ভাড়া একটু বেশি।”
শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে কৃষকরা আজকের মতো অবরোধ তুলে নেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন জানান,
“আগামীকাল হিমাগার মালিক ও কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”
✅ সংবাদদাতা:
আসাদুজ্জামান
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
www.daynik36july.com