ভোলা প্রতিনিধি | ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে একটি অবহেলিত গ্রামীণ রাস্তার মেরামতের কাজ করেছন। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা কাঁচা রাস্তাটি বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এবার সেই রাস্তায় ইট ও বালু ফেলে চলাচলের উপযোগী করে তোলার কাজ করেছেন তারা।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মেরামতের কোনো সরকারি উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার কাদা ও পানি জমে চলাফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ত।
রাস্তাটির মেরামত কাজ হাতে নেওয়ায় এলাকাবাসী জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় একজন বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ আর রোগীদের চলাফেরা করতে হতো। এখন রাস্তার উন্নয়নে আমরা অনেকটাই স্বস্তি পাচ্ছি।”
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ জানান, জনগণের ভোগান্তি লাঘব করতে তারা নিজেরাই এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও এলাকার কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
উল্লেখ্য, এই উদ্যোগে দলীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে অংশ নিচ্ছেন এবং সম্পূর্ণ ব্যয়ভার দলীয়ভাবে বহন করা হচ্ছে। এতে রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা প্রশংসা ও সমর্থন জানাচ্ছেন।