ভোলা জেলার বোরহানউদ্দিন থেকে ঢাকা অভিমুখে চলাচলকারী এ ওহাব শিপিং লাইনস পরিচালিত এম ভি জামাল ৯ লঞ্চটির বেহাল অবস্থা যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ (১৭ মে) লঞ্চটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১৫ ঘণ্টা বিলম্বে ঢাকার সদরঘাটে পৌঁছায়, ফলে লঞ্চে থাকা রোগীসহ সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হন।
যাত্রীরা জানান, এম ভি জামাল ৯ দীর্ঘদিন ধরেই যান্ত্রিক সমস্যা ও পরিসেবার নিম্নমান নিয়ে চলাচল করছে। লঞ্চের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই, জরুরি অবস্থায় কোনো মেডিকেল সাপোর্ট নেই, এমনকি টয়লেট ও পানির ব্যবস্থাও অপ্রতুল। আজকের দীর্ঘ সময়জুড়ে লঞ্চটির ধীরগতি এবং যান্ত্রিক ত্রুটি যাত্রীদের মানসিক ও শারীরিক কষ্টের মাত্রা আরও বাড়িয়ে তোলে।
বোরহানউদ্দিনের স্থানীয় বাসিন্দারা এবং নিয়মিত যাত্রীরা বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন—এই লঞ্চটির রোটেশন থেকে এম ভি জামাল ৯ লঞ্চটি বাতিল করে দ্রুত একটি নতুন, আধুনিক ও যাত্রীবান্ধব লঞ্চ সরবরাহ করার। তাদের দাবি, একটি বিকল্প এবং মানসম্মত লঞ্চ সরবরাহ করা না হলে বোরহানউদ্দিন উপজেলার সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে ব্যাহত হবে।
বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ’র কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে যাত্রীদের ক্ষোভের মাত্রা ও দাবির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করছেন সবাই।