ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে চলমান বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়মের অভিযোগে সরব হয়ে উঠেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, নিম্নমানের উপকরণ, নির্ধারিত মান বজায় না রাখা, এবং দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির কারণে বেড়িবাঁধটি ভবিষ্যতে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সরকারি টেন্ডারের আওতায় নির্মাণাধীন বাঁধে মাটি ও বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের উপাদান। বাঁধের উচ্চতা নির্ধারিত মানের চেয়ে অনেক কম।
স্থানীয় এক সচেতন নাগরিক জানান, “আমাদের কাছে ভিডিও প্রমাণ রয়েছে। আমরা প্রশাসনের জরুরি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্নীতির তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।