সাইফুল ইসলাম,
রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি
দৈনিক৷ ৩৬ জুলাই
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পুরো সড়কের পাশ। প্রতিদিন পৌরসভার বিভিন্ন স্থান থেকে এনে এখানে ফেলা হচ্ছে অগণিত ময়লা-আবর্জনা। এতে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্থানে ময়লা ফেলার কারণে এলাকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পথচারী ও ব্যবসায়ীরা শ্বাসকষ্ট, মাথাব্যথা ও বিভিন্ন চর্মরোগে ভুগছেন। বর্ষা মৌসুমে পানি জমে তৈরি হচ্ছে মশার উপদ্রবও।
এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “আমাদের দোকানের সামনেই ময়লার স্তূপ। সারাদিন দুর্গন্ধে কাজ করা যায় না। ক্রেতারাও আসতে চায় না।”
স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের অভিযোগ, বারবার জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পরিবেশবিদরা বলছেন, জনবসতিপূর্ণ এলাকায় ময়লার ভাগাড় রাখা পরিবেশ আইনের পরিপন্থী। তারা অবিলম্বে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের আহ্বান জানিয়েছেন।
পৌর প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি স্বীকার করে জানান, বিকল্প ময়লা ফেলার স্থান নির্ধারণের কাজ চলছে, খুব শিগগিরই সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।