মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তিনটি ইউনিয়নের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, “তরুণরাই হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। আগামীর নেতৃত্ব গঠনে তাদের রাজনৈতিক চেতনা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। তিনি বলেন, “দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ:রব রাজা এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।