ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ওয়াকিটকি সেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নির্দেশনায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমানের তত্ত্বাবধানে গত ৫ এপ্রিল আশুতিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআই মধুসূদন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়।
অভিযান শেষে তাদের কাছ থেকে একটি কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি স্টিলের লাঠির করাত, দুটি স্টিলের তলোয়ার, একটি করাত, দুটি ওয়াকিটকি সেট এবং ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা এসব সরঞ্জাম অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(ফ) ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মো. মন্টু মিয়া (২০) নামে এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।