ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’। রবিবার বিকেলে উপজেলার সাচনা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক মনির হোসেন এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব তোফায়েল আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন হালির হাওরের কৃষক চান্দ আলী, মফিজ আলী, আব্দুর রহিম, রজব আলী, ছাদির মিয়া এবং পাকনার হাওরের কৃষক গিয়াস উদ্দিন ও আব্দুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজসেবক নুরুল হক, জেলা সদস্য আরিফুল ইসলাম সরকার, সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ ও সদস্য সচিব শাহা আলম।
আরও বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছাদিকুর রহমান স্বাধীন, মুরছালিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আহ্বায়ক আলীনুর, সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শহিবুর, বেহেলী ইউনিয়নের আহ্বায়ক আবু ইউসুফ নাইম এবং উত্তর ইউনিয়ন কমিটির সদস্য তাজুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন, বরাদ্দ বণ্টন এবং কাজের মান নিয়ে নানা অনিয়ম দেখা গেছে। নিম্নমানের নির্মাণ ও তদারকির অভাবে বাঁধগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, বিভিন্ন স্থানে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সমাবেশে হাওর এলাকার চলমান সমস্যাগুলোর কথাও তুলে ধরা হয়। বক্তারা জানান, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পানি ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেক এলাকায় বোরো ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকরা বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছেন।
এ সময় তারা দ্রুত পাকনার হাওর ও গজারিয়া খাল খনন, সুইচ গেইট সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের দাবি জানান। পাশাপাশি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।