কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে নির্মম নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহতের বাবা ও স্থানীয় ইউপি সদস্য মোঃ হাদিছ মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, পূর্বের একটি মামলার প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কাটাবাড়ীয়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাবুল মিয়া দীর্ঘদিন ধরে “নিঝুম রেস্তোরা” পরিচালনা করে আসছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একটি চক্রের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। চাঁদা দাবির একটি মামলায় প্রধান অভিযুক্ত মোঃ হাকিম বর্তমানে কারাগারে থাকলেও তার স্বজন ও সহযোগীরা মামলা তুলে নিতে বাবুল মিয়াকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৩১ মার্চ দুপুরে একদল সশস্ত্র ব্যক্তি রেস্তোরাঁয় ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়। পরে কাটাবাড়ীয়া মোড়ের একটি পরিত্যক্ত রাইস মিলে নিয়ে তাকে আটকে রেখে ধারালো অস্ত্র, লোহার রড ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।