লক্ষ্মীপুর প্রতিনিধি,
মোঃশাহ পরান আরিফ
সাংবাদিকতা ও আইন পেশার এক অনন্য মেলবন্ধন ঘটালেন রায়পুর কেরোয়া ইউনিয়নের কৃতি সন্তান ও পরিচিত মুখ বেলাল চৌধুরী। পেশাদার সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ পরিশ্রম ও সাধনার পর তিনি গতকাল (১৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী (অ্যাডভোকেট) হিসেবে এনরোলমেন্ট সম্পন্ন করেছেন।
বেলাল চৌধুরী দীর্ঘদিন ধরে রায়পুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন। বিশেষ করে দৈনিক সোনালী কন্ঠ রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে তিনি সমাজের অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এখন থেকে তিনি কলমের পাশাপাশি আইনি লড়াইয়ের মাধ্যমেও সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।
তার এই সাফল্যে আনন্দিত তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তার এক দীর্ঘদিনের সহকর্মী ও আদালত সংশ্লিষ্ট প্রতিনিধি মো. শাহপরান আরিফ বলেন, “বেলাল চৌধুরী একজন দক্ষ সাংবাদিক হিসেবে যেভাবে সততার সাথে কাজ করেছেন, আইনজীবী হিসেবেও তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় এবং আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে আমাদের বিশ্বাস। তার এই দ্বৈত পরিচয় সমাজের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”
বেলাল চৌধুরী তার এই অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং আগামী দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি এখন থেকে তিনি লক্ষ্মীপুর জেলা জজ আদালতে নিয়মিত আইন পেশায় নিয়োজিত থাকবেন।