মুহাঃ আশরাফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি, মনপুরা
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো ভোলার মনপুরায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় মনপুরা উপজেলা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু মুসা। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ নোমান, বিএনপি যুবদলের আহ্বায়ক মোঃ সামছুদ্দিন আহম্মেদ মোল্লা, ডাক্তার মোঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা জামায়াতের আমির ও সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য না করে নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠায় সমাজের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই আন্তর্জাতিক নারী দিবসের মূল বার্তা।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস মূলত শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।