মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, “দলের দুর্দিনে রাজপথে থেকেছি, আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ছিলাম। বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। এই ৩১ দফাই আমাদের জাতির মুক্তির রূপরেখা—যেখানে রয়েছে গণতন্ত্র, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। রাজনীতি আমার কাছে কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়; এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল সংগ্রাম।”
নিজের রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, “১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি রাজপথে ছিলাম। তরুণ কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিয়েছি। এরপর ১৭ বছরের শেখ হাসিনার শাসনামলেও মামলা, নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও জনগণের পাশে থেকেছি। আমার এই প্রার্থীতা জনগণের ভালোবাসা ও সংগ্রামের ধারাবাহিকতার প্রতিফলন।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনস,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ দিদারুল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ও বর্তমান সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি), এ.কে.এম. শফিকুল হক শফিক (সভাপতি হোসেনপুর পৌর বিএনপি) এবং মো. ফেরদৌস ইসলাম (সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ সদর পৌর শ্রমিক দল)।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা মাজহারুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার প্রার্থীতার মাধ্যমে কিশোরগঞ্জে বিএনপির পুনরুজ্জীবন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।