নাজমুল হাসান ( নরসিংদী) প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ হামলায় ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫টি মোটরসাইকেল জব্দ করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ ঘটনায় উপজেলার একদুয়ারি ইউনিয়নের অজলদিয়া গ্রামের মো: রাগল মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ মিয়া (৩৫), মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি এএমটি আরতি চেডি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং তার প্রতিষ্ঠান মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালাকচর জিসি পর্যন্ত একটি সড়ক নির্মাণের কার্যক্রম পরিচালনা করছে।
অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যে ১২ অক্টোবর রবিবার দুপুর আনুমানিক ১ টা ৩০ মিনিটে মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সৈয়দবাড়ি সংলগ্ন পাকা রাস্তায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হলো ইলিয়াছ (২৮), আমিন (৩০) আজিম (২৪) শামীম (৩০) খোরশেদ মিয়া (৩৫) ছাব্বির ,জাহিদুল , ইব্রাহিম (২৬) আসাদুল্লাহ
এছাড়াও অজ্ঞাতনামা ৮-১০ জন হামলায় জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই সন্ত্রাসী হামলায় এক্সেলেটর ড্রাইভার শহিদুল ইসলাম (২৮), নামের একজন গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে এলজিইডি-র ড্রাইভার নাজমুল ও হামলার শিকার হয়। শ্রমিকদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা তাদের উপরেও চড়াও হয়,এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি ও এ ঘটনায় আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী হামলাকারীদের ঘিরে ফেললে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে ।
এ বিষয়ে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ দুলাল আকন্দ জানান সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে হামলাকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।