আহসান হাবীব
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ফুলপুরের সিক্স সিজন রেস্টুরেন্টে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ফুলপুর-তারাকান্দা উন্নয়নের দিক থেকে চরমভাবে পিছিয়ে পড়েছে। রাস্তাঘাটের বেহাল দশা, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা এবং শিক্ষার দুরবস্থার কারণে জনগণ দুর্ভোগে আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা নির্বাচিত হলে এলাকায় পরিকল্পিত উন্নয়ন করবো। বিশেষ করে, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে, যাতে এলাকার যুবক-যুবতীরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে অবদান রাখতে পারে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা খেলাফত মজলিস সভাপতি হাফেজ আব্দুস সবুর খান, সহ-সভাপতি হাফেজ ফজলুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
এছাড়াও ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহজামালী, সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।