মুহাঃ আশরাফুল ইসলাম মনপুরা (ভোলা) প্রতিনিধি: দৈনিক ৩৬জুলাই
ভোলা জেলার মনপুরা উপজেলায় বিদ্যুৎ বিভাগের পারহাউজ লাইনম্যান মো: শহীদের বিরুদ্ধে কাঁটাতার চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি কারেন্টের খুঁটির তার চুরি করে এনে উপজেলা নূরানী ও এতিমখানা মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় তা স্থাপন করেন এবং এতে এলাকার সাধারণ মানুষের প্রধান হাঁটার পথ আটকে যায়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও শিক্ষার্থীদের।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফজলে রাব্বি স্যারকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেন। এ সময় তিনি লাইনম্যান শহীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান এবং হাতেনাতে প্রমাণ উদ্ধার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: ফজলে রাব্বি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে চলাচলের পথ উন্মুক্ত করেন। একইসাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় কাজ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের লাইনম্যান শহীদ নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকলেও এবার পথ আটকে দেওয়ার কারণে সবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
এলাকাবাসী ইউএনও’র দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, “আমরা এভাবে অবরুদ্ধ হয়ে থাকতে চাই না। স্যার ঘটনাস্থলে এসে আমাদের পথ উন্মুক্ত করে দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”
এই ঘটনার পর মনপুরা জুড়ে ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষের দাবি, এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।