শওকতুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় এক নারী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক নবজাতককে কোল নিয়ে ঈদগাঁও মডেল হাসপাতালে নিয়ে আসেন।
পরে ওই নারী জানান, তিনি জঙ্গলের পাশে পলিথিনে বাঁধা অবস্থায় নবজাতকটিকে কুড়িয়ে পান।
হাসপাতালের চিকিৎসক জুনায়েদ সায়েদ বলেন, “ওই নারী দাবি করেছেন তিনি জঙ্গলের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। শিশুটির মাথা, বুক ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে পলিথিন ব্যাগে বেঁধে রাখা হয়েছিল, যাতে শ্বাস নিতে না পারে।”
বর্তমানে নবজাতকটি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রফিক উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, শিশুটি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
এ ঘটনায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যে, মানবজাতির মধ্যে এ ধরনের অমানবিক কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং নীরব প্রাণী পশুর মধ্যেই মাতৃত্ববোধের শিক্ষা পাওয়া যায়।