স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক৩৬জুলাই
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।
গত ২৯ আগস্ট রাজধানীতে এক সংঘর্ষে গুরুতর আহত হন নুর। ওইদিন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটন চার্জ ও হামলায় তাঁর মাথা ও নাকে মারাত্মক আঘাত লাগে। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে অবশেষে পরিবার ও দলীয় নেতারা বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন।
সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নুরের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি ২৯ আগস্টের ঘটনায় দোষীদের শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।