জামালপুরে চাঞ্চল্য: যুবলীগ নেতা শিহাব ফেরদৌস এখন পৌর বিএনপির প্রচার সম্পাদক
স্টাফ রিপোর্টার ঢাকা ।।দৈনিক৩৬জুলাই
দেশের রাজনৈতিক ইতিহাসে দলবদল নতুন কিছু নয়, তবে সরাসরি প্রতিপক্ষ দল থেকে পদ পাওয়া বিরল ঘটনা। এমনই এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে জামালপুরের মেলান্দহ উপজেলায়। যুবলীগের সহসম্পাদক থাকা অবস্থাতেই পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন শিহাব ফেরদৌস নামে এক নেতা।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর হাজরাবাড়ী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২১ আগস্ট জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ঘোষিত ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে শিহাব ফেরদৌসের নাম প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে উঠে আসে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম আফসারী নিশ্চিত করেছেন, তার কমিটিতে সহসম্পাদক ছিলেন শিহাব ফেরদৌস। তবে এ বিষয়ে শিহাব ফেরদৌস জানান, যুবলীগের পদে থাকার বিষয়টি তার জানা নেই। তিনি দাবি করেন, তিনি হাজরাবাড়ী পৌরসভার ভোটার এবং সেখানেই পড়াশোনা করেছেন।
এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন বলেন, “হাজরাবাড়ী পৌরসভার ভোটার হিসেবে শিহাবকে পদ দেওয়া হয়েছে। পরে অভিযোগের বিষয়টি কানে এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।”
ঘটনা প্রসঙ্গে জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব খান বলেন, “যদি আওয়ামী লীগের পদধারী নেতা বিএনপির কোনো পদে নির্বাচিত হয়, সেটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা।”