হাইকোর্টের জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ, দুই আসামি জেল হাজতে
ক্রাইম রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় তজুমদ্দিন উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক (সিএ) আসাদুল্লাহ মঞ্জু (৪৩) এবং একই মামলার আসামি মাসুম বিশ্বাসকে কারাগারে প্রেরণ করেছে ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আসাদুল্লাহ মঞ্জু বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের অজিউল্লাহ বিশ্বাসের বড় ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ১০ জুন বড় মানিকা ইউনিয়নের মানিকারহাট বাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী মোঃ সুমন ও তার ভাই ফজলে রাব্বিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। অভিযোগ রয়েছে, ওই সময় প্রধান আসামি মঞ্জু চাপাতি দিয়ে সুমনের মাথায় কোপ দেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। তার ভাই ফজলে রাব্বি এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
ঘটনার পর আহত সুমন বাদী হয়ে আসাদুল্লাহ মঞ্জুকে প্রধান আসামি করে মোট ছয়জনের নামে বোরহানউদ্দিন থানায় মামলা (নম্বর-৮) দায়ের করেন। আসামিরা পরে হাইকোর্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান।
গত ৯ সেপ্টেম্বর ভোলা জজ আদালতে জামিন শুনানিতে প্রধান আসামি আসাদুল্লাহ মঞ্জু ও মাসুম বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, প্রশাসনিক পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের হত্যাচেষ্টা মামলার ঘটনায় সরকারি চাকরিজীবীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।