মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ উপলক্ষে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্য। সম্মেলনকে সামনে রেখে দলীয় অভ্যন্তরে চলছে নানা তৎপরতা, বিশেষ করে নেতৃত্ব বাছাইকে কেন্দ্র করে দেখা দিয়েছে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা।
সভাপতি পদের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী— মো. শরীফুল আলম এবং রুহুল হোসাইন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন প্রার্থী। তারা হলেন: মাজহারুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, হাজী ইসরাইর, সাইফুল ইসলাম সুমন, ওমর ফারুক, সাজ্জাদুল হক ও শফিকুল ইসলাম।
দলীয় সূত্র জানায়, একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তৃণমূল নেতাকর্মীরাও একটি যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব গঠনের প্রত্যাশায় রয়েছেন, যারা সামনে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখাকে দৃঢ় ভিত্তিতে এগিয়ে নিতে সক্ষম হবেন।
ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে প্যানেলভিত্তিক প্রচারণা শুরু হয়েছে। প্রত্যেকে নিজের অবস্থান ও ভিশন তুলে ধরে কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। বিশেষ করে সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ায় এই পদে লড়াই জমে উঠেছে।
জানা গেছে, সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরাসরি উপস্থিত থাকবেন এবং এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। নেতাকর্মীদের প্রত্যাশা—এই সম্মেলন হবে ঐতিহাসিক, যা ভবিষ্যতের পথরেখা নির্ধারণে ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে কিশোরগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন করে প্রাণ ফিরে আসবে এবং রাজনীতিতে ফিরবে কাঙ্ক্ষিত গতি।