ভোলা জেলা প্রতিনিধি:মোঃ মনির হোসেন
দৈনিক৩৬জুলাই, ভোলা সদর
ভোলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকায় নিজ বাড়িতেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোমানী এশার নামাজ আদায় শেষে পশ্চিম চরনোয়াবাদ জামে মসজিদ থেকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ বিভ্রাট হলে দুর্বৃত্তরা অন্ধকারের সুযোগে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর থানার ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।