আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে বিশেষ অভিযানে প্রায় ১৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে তিন শতাধিক জাল উদ্ধার করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান। এসময় একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিলের জীববৈচিত্র্য ও স্বাদুপানির পোনা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য মাশালিয়া বিলসংলগ্ন এলাকায় প্রচারণাও চালানো হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন হাসান বলেন,
“মৎস্য ভাণ্ডার খ্যাত মাশালিয়া বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাছের প্রজনন নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার সদস্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, এ অভিযানটি ২০২৫-২৬ অর্থ বছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টের অংশ হিসেবে পরিচালনা করা হয়।