মুহাঃ আশরাফুল ইসলাম
মনপুরা (ভোলা) প্রতিনিধি : দৈনিক৩৬জুলাই
আজ শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ আলহাজ্ব মোস্তফা কামাল মনপুরায় আগমন করেন। তার আগমনে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মনপুরায় পৌঁছালে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মধ্য দিয়ে তাকে বরণ করে নেন। পরে তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া, হাজিরহাট, কলাতলীসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বিশাল শোডাউন করেন। শতশত মোটরসাইকেল ও জনতার অংশগ্রহণে শোডাউনটি এলাকাব্যাপী ব্যাপক সাড়া ফেলে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন স্থানে পথসভা করেন। পথসভায় মোস্তফা কামাল বলেন, “দেশ আজ চরম সঙ্কটময় সময় অতিক্রম করছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, দুর্নীতি-দুঃশাসনে মানুষ জর্জরিত। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। জনগণের শক্তির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো।”
পথসভায় মোস্তফা কামাল আরো বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলাই আমার অঙ্গীকার।”।
তিনি আরও বলেন, “ভোলা-৪ আসনের মানুষের অধিকার রক্ষার জন্য আমি কাজ করতে চাই। উন্নয়ন বঞ্চিত এই জনপদকে অগ্রগতির ধারায় এগিয়ে নিতে চাই। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। শোডাউন ও পথসভাকে ঘিরে পুরো মনপুরায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।